কুবি সংবাদদাতা
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের উপর ক্ষমতাসীন ছাত্রসংগঠনের বিপথগামী নেতাকর্মীদের হামলা, মারধর ও লাঞ্ছনার প্রতিবাদে রবিবার মুখে কালো কাপড় বেঁধে মশাল মিছিল এবং সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়া, কাজী আনিস, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিককে মারধর করে। এর আগে গত ৫ ডিসেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল বাশার। গত ১ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় ছাত্রলীগের হামলার শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী ইউনুস হূদয়।