বাগেরহাটে যুবককে পিটিয়ে হত্যা

বাগেরহাট শহরের কৃষ্ণনগর এলাকায় হেলাল আকন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

 

নিহত হেলাল আকন বাগেরহাট পৌরসভার কৃষ্ণনগর এলাকার শাহজাহান আকনের ছেলে। দুপুরে তার লাশের ময়নাতদন্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হবে। পূর্ব বিরোধের জের ধরে হেলালকে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে পুলিশ ধারনা করছে।

 

এর আগে বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাগেরহাট পৌরসভার কৃষ্ণনগর এলাকার বাড়ির অদূরে লাঠিসোটা নিয়ে হেলাল আকনের উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে তিনি গুরুতর আহত হলে তার স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দীন বলেন, হেলালের সাথে স্থানীয় কিছু লোকের পূর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে তাকে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। পরিবারের দেয়া তথ্য অনুযায়ী হেলালের সাথে স্থানীয় কাদের সাথে বিরোধ ছিল তা অনুসন্ধান করতে পুলিশ কাজ শুরু করেছে।

 

ইত্তেফাক/এএম