সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
স্বাধীনতার ৪৭ বছর অতিবাহিত হলেও সাঁথিয়ার লক্ষ্মীপুর গ্রামের মৃত জাহেদ উদ্দিন আহম্মেদের ছেলে এসআই নজরুল ইসলাম পাননি মুক্তিযোদ্ধার স্বীকৃতি। নজরুল ইসলামের মৃত্যুর পরে ২৪ বছর ধরে মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন তাঁর অসুস্থ বৃদ্ধা স্ত্রী আছিয়া খাতুন।
উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নজরুল ইসলাম ১৯৭১ সালে দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানায় পুলিশের এএসআই (নি.) পদে কর্মরত থাকা অবস্থায় ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পরে নজরুল ইসলাম স্বপদে পুলিশের চাকরিতে পুনরায় যোগদান করেন। পরে পুলিশের এসআই পদে পদোন্নত হন। ১৯৮৭ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ১৯৯৫ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা যান। স্বাধীনতার ৪৭ বছরে ও মৃত্যুর ২৪ বছরেও তিনি পাননি মুক্তিযোদ্ধার স্বীকৃতি। ২০১৪ সালে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়ায় অনলাইনে তার ছেলে শহিদুল ইসলাম আবেদন করেন। কিন্তু পরবর্তীতে আবেদনটি স্থানীয়ভাবে যাচাই ও বাছাই কমিটির কাছে ন্যায়বিচার না পাওয়ায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপিল করা হয়।
নজরুল ইসলামের স্ত্রী অসুস্থ আছিয়া খাতুন জানান, তার স্বামী পুলিশের চাকরিরত অবস্থায় যুদ্ধ করেছিলেন। স্বাধীনতার ৪৭ বছর পার হলেও তার স্বীকৃতি আমরা আজও পাইনি। তিনি স্বামীর মুক্তিযোদ্ধার স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ জানান, অনলাইনে করা আবেদন যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাইয়ে বাদ পড়ায় আবেদনকারীরা আপিল করেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে।