বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত সাত

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘনায় সাতজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।

কুমিল্লা : সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাবার চালিত ট্রাক থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলো শরীয়তপুর জেলার নাজিম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম সিয়াম (৭) ও সাইফুল ইসলাম জেহাদ (৪)। তারা বাবার চালিত ট্রাকে করে মাকে নিয়ে চট্টগ্রাম বেড়াতে যাচ্ছিলেন।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ট্রাক এবং চালক বাবাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ঘাটাইল (টাঙ্গাইল) : সোমবার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে বাস ও  মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার বিয়ারা গ্রামের ইউনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২)। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

ঝিনাইগাতী (শেরপুর) :           সোমবার সকালে ঝিনাইগাতীর কালিবাড়িতে ইজিবাইক উল্টে ইন্তাজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নালিতাবাড়ি উপজেলার ঘাটপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লোহাগাড়া (চট্টগ্রাম) : রবিবার রাতে লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খানদীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতের নাম সেলিনা বেগম (৪২)।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : শায়েস্তাগঞ্জের অলিপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মো. এনাই মিয়া (২০)। এ সময় অপর মোটরসাইকেল আরোহী মঈনুল ও ফরহাদ মিয়া গুরুতর আহত হন।