নির্বাচন টুকিটাকি

চাঁদপুরে বিএনপি প্রার্থী ড. জালালের সংবাদ সম্মেলন

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ নির্বাচনী আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিন সংবাদ সম্মেলন করেন। গতকাল সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়াতে তার নিজ বাড়িতে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি এহসানুল হক ফটিক ও সাধারণ সম্পাদক নুরুর হক জিতু। সংবাদ সম্মেলনে ড. জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, গত শুক্রবার আমি বাবা-মায়ের কবর জিয়ারত করার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতে আসলে আমার নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলায় ৩০ জনের অধিক নেতা-কর্মী আহত হয়। পুলিশ ১১ জনকে আটক করে নিয়ে যায়। বর্তমানে পুলিশি নিরাপত্তার নামে আমাকে অবরুদ্ধ করে রেখেছে। আমার বাড়ির চারদিকে পুলিশ, দলীয় কোনো নেতা-কর্মীকে আমার বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশি আতঙ্কের কারণে আমার নেতা-কর্মীরা বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে।

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রার্থনা বুলবুলের  

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবাদুল করিম বুলবুল ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আওয়ামী লীগ এই প্রার্থীর প্রচার-প্রচারণায় গুরুত্ব পাচ্ছে  জাতীয় ও স্থানীয় উন্নয়ন ইস্যু। গত দুইদিনে এবাদুল করিম বুলবুল উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজার, লাউর ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড গ্রাম এবং কাইতলা উত্তর ও শিবপুর ইউনিয়নের কুনাউর, নোয়াগাঁও, নারুই, রুদ্রাক্ষবাড়ি, চরিলাম ও বিভিন্ন ওয়ার্ড গ্রামে পথসভায় বিএনপি সরকারের লুটপাটের চিত্র তুলে ধরেন এবং প্রতিটি পথসভায় মিছিলসহকারে আগত দলের নেতা-কর্মী,সমর্থক, জনসাধারণের ঢলে পথসভাগুলো জনসভায় রূপান্তরিত হয়। শিক্ষা, স্বাস্থ্য, সন্ত্রাস দুর্নীতি জঙ্গিবাদ প্রতিরোধ এবং যোগাযোগ ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্ব দিয়ে এবাদুল করিম বুলবুল জনসাধারণের কাছে নৌকায় ভোট প্রার্থনা করে বলেন, নৌকাকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। এ সময় বক্তব্য রাখেন ব্যারিস্টার জাকির আহম্মদ, গোলাম শাহরিয়ার বাদল , জহির উদ্দিন চৌধুরী, মোশারফ হোসেন, বোরহান উদ্দিন আহম্মদ, সিরাজুল ইসলাম ফেরদৌস, সামস আলম, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, সোহরাব উদ্দিন, জহির উদ্দিন সিদ্দিক টিটো, মোক্তার  হোসেন প্রমুখ।

বিজয়নগরে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র অর্থ-সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল  বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি গতকাল সোমবার সকালে উপজেলার চান্দুরা থেকে চম্পকনগর বাজার পর্যন্ত প্রায় ১০ কি:হেঁটে  গণসংযোগ করে  ধানের শীষ মার্কায় ভোট চান। গণসংযোগ শেষে  চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজের সামনে পথসভায়  জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান কচি মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী আজম, নিয়ামুল হক, যুবদল সভাপতি শামীম মোল্লা, রিপন, জালাল  প্রমুখ।

শ.ম. রেজাউল করিমের ব্যাপক জনসংযোগ

পিরোজপুর অফিস ও স্বরূপকাঠি সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে পিরোজপুর-স্বরূপকাঠি-নাজিরপুর আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় আ.লীগের  আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকের বিকল্প  নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও এবং শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখার জন্য আগামী ৩০ ডিসেম্বর আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আরেকটি বিজয়ের ইতিহাস রচনা করতে হবে। গতকাল সোমবার সারেংকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকলে দেশ পিছিয়ে যায়। প্রবীণ শিক্ষক মো. আশরাফ আলী আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাকিম হাওলাদার, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান খান তালুকদার, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল, উপজেলা আ.লীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস. এম. ফুয়াদ, যুগ্ম সম্পাদক এস. এম, মুইদুল ইসলাম প্রমুখ।

তিতাসে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আওয়ামী লীগের প্রার্থীর পথসভা

তিতাস (কুমিল্ল­া) সংবাদদাতা কুমিল্ল­ার তিতাসে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার বলরামপুর ও কড়িকান্দি ইউনিয়নের ৩টি পথসভা অনুষ্ঠিত হয়।  গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বলরামপুর ইউনিয়নের নাগেরচর ও কালাইগোবিন্দপুর ইউপি মাঠ এবং কড়িকান্দি ইউনিয়নের কাপাশকান্দি মডেল একাডেমি মাঠে এ পথসভাগুলো অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার মাঝেও এসব পথসভায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কুমিল­া-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহমাদ মেরী উক্ত পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নুরুন নাহার পারভীন, বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরনবী, জগত্পুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরণ, যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন ও  মোঃ শারমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, আবু ইউসুফ মোল­া, আমির হোসেন ভুঁইয়া, সাইদুল রহমান ভয়া, আবুল হোসেন প্রমুখ।   

ড. খন্দকার মোশাররফ-এর বিরুদ্ধে সুবিদ আলী ভূ্ঁইয়ার সংবাদ সম্মেলন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে কুমিল্লা-১ দাউদকান্দি- মেঘনা আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব.  সুবিদ আলী ভূঁইয়া এমপি সংবাদ সম্মেলন করেন। পাকিস্তান ভিত্তিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) এজেন্ট জনৈক মেহমুদ-এর সাথে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ-এর যে কথপোকথনের অডিও ফাঁস হয়েছে সেই বিষয়ে সাংবাদিকদের অবহিত করতেই দাউদকান্দিতে এই সংবাদ সম্মেলন ডাকেন কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সুবিদ আলী ভূঁইয়া। সুবিদ আলী ভূঁইয়া তাঁর লিখিত বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রদ্রোহ কাজে জড়িত রয়েছেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী হয়ে ড. মোশাররফ হোসেন এ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির সম্মুখিন করতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স (আইএসআই) এর এজেন্ট জনৈক মেহমুদের সাথে ফোনালাপ করে ষড়যন্ত্রের যে জাল বুনেছেন তা ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে। গত বুধবার রাতে এ সম্পর্কে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশররফ-এর বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় ইতোমধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগও এনেছেন। আমি ড. খন্দকার মোশাররফের বিচার দাবি করছি।

নেত্রকোনা ৪ আসনে সিপিবি প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনা প্রতিনিধি   নেত্রকোনা-৪ আসনে মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুরী সিপিবির প্রার্থী জলি তালুকদার গতকাল রবিবার দুপুরে নেত্রকোনা শহরের ট্রেড ইউনিয়ন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, গত শনিবার রাতে মদনের মানশ্রী পালপাড়া এলাকায় তার নির্বাচনী প্রচারকালে তার ও তার সঙ্গী-সাথীদের উপর সরকারি দলের লোকজন হামলা করেছে। এতে করে তিনিসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম মজুমদার গুরুতর আহত হয়ে নেত্রকোনা হাসপাতালে চিকিত্সাধীন। সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, মদন উপজেলার মানশ্রী সংলগ্ন এলাকায় গণসংযোগ করার সময় সরকারি দলের লোকজন তাদের উপর হামলা চালায় এবং দুটি মোটর সাইকেল এবং হ্যান্ড মাইক নিয়ে যায় এবং সিপিবি নেতা আব্দুল মোমিনের বাড়ি ভাঙচুর করে। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের নিকট দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সম্পাদক নলিনী রঞ্জন সরকার, আব্দুল মোমিন, আব্দুল কাইয়ূম, সজল সূত্রধর এবং হাবিবুর রহমান।

গৌরনদীতে বিএনপি নেতা স্বপনের সংবাদ সম্মেলন

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা প্রধান নির্বাচন কমিশনারকে বরিশাল-১ আসনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী বিএনপি নেতা এম. জহির উদ্দিন স্বপন তার বাড়িতে এক রাত থাকার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে উপজেলার সরিকল গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিইসি’র কঠোর সমালোচনা করে ‘লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত’র মিথ্যাচার স্বচোখে দেখতে সিইসিকে তার বাড়িতে এক রাত থাকার আহবান জানিয়ে জহির উদ্দিন স্বপন সিইসি, প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কঠোর সমালোচনা করে বলেন, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ওপর এবং তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ দলীয় লোকজনদের অব্যাহত হামলার ঘটনায় প্রশাসন কার্যকরী কোন ভূমিকা পালন করছেন না। এসব ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছেন।