সারাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও ঢাকা মেট্রোপলিটন কমিশনার মো : আছাদুজ্জামান মিয়াকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। গতকাল সোমবার বৈঠকে সিইসি এ নির্দেশ দেন। নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ ইত্তেফাককে বলেন, পুলিশের এই দুই শীর্ষ কর্মকর্তাকে নির্বাচন কমিশনে ডেকে এনে সারাদেশের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার জন্য নির্দেশনা দেন সিইসি।
তিনি বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে। গণমাধ্যমেও প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধার বিষয়টি প্রকাশিত হচ্ছে। এসব বিষয়ে দুই পুলিশ কর্মকর্তাকে অবগত করে আগামীতে যাতে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে তার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামালের ওপর হামলার ঘটনায় প্রতিবেদন জমা দিতে পুলিশ প্রধানকে (আইজিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে তিন দিনের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। গতকাল এ সংক্রান্ত একটি চিঠি ইসি সচিবালয় থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. জাবেদ পাটোয়ারীর কাছে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১৫ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের ওপরে হামলার বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘একজন সিনিয়র সিটিজেন এবং প্রখ্যাত লোকের ওপর এ ধরনের ঘটনা কাম্য নয়।’ ওই হামলার ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘যেভাবে ব্যবস্থা হয়, আমরা নির্বাচনী তদন্ত কমিটির কাছে বিষয়টি পাঠাবো। তারা যেভাবে রিপোর্ট দেবে, সেভাবে ব্যবস্থা নেবো।’
গত শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় হামলার ঘটনা ঘটে। এতে কামাল হোসেনের গাড়িবহরের কয়েকটি গাড়ি ভাঙচুর ও নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়।