বাহাদুর শাহ পার্ক মঞ্চে বিজয় উত্সব শুরু

ইত্তেফাক রিপোর্ট

পুরানো ঢাকার বাহাদুর শাহ পার্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় মঞ্চের উদ্বোধন হলো গতকাল। বিজয়ের গানে কবিতায় মুখরিত হয়ে উঠেছিল পুরানো ঢাকার ঐতিহ্যবাহী এই পার্কটি। ‘স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের দিন শেষ/ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবেই বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে এবছর শুরু হয়েছে জোটের বিজয় উত্সব।

বাহাদুর শাহ পার্কে যেসব সংগঠন অনুষ্ঠানে অংশ নেয় তারা হলো শিশু সংগঠন- সপ্তকলির আসর, সীমান্ত খেলাঘর আসর। দলীয় পরিবেশনা- বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ, আওয়ামী শিল্পীগোষ্ঠী, তেজগাঁও শাখা। একক আবৃত্তি- তারেক আলী মিলন, মাহফুজা আক্তার মিরা। পথনাটক পরিবেশন করে- উত্স। নৃত্য পরিবেশন করে- বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)। একক সংগীত পরিবেশন করেন- শিবু রায়, সালমা চৌধুরী, আরিফ রহমান, নবীন কিশোর গৌতম, আবিদা রহমান সেতু, মাহবুব রিয়াজ, উর্মি হালদার, নূরুল আমিন, উদয় শংকর বসাক বেনু। অনুষ্ঠানের প্রথম পর্বে চাইল্ড হেভেন আর্ট স্কুলের সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে, বিকালের পর্বে উত্সবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য হানিফ খান।

মুক্তিযুদ্ধ জাদুঘরে ইউডা শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী : মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে তারুণ্যের শিল্পকর্ম প্রদশর্নী। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর শিক্ষার্থীরা বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে দিনভর ছবি এঁকে তা নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে। ‘তারুণ্যের স্বপ্ন ও আকাঙ্ক্ষা’ শীর্ষক প্রদর্শনীতে রয়েছে ৮৬টি ক্যানভাস এবং জাদুঘরের সবুজ চত্বরে প্রদর্শিত হচ্ছে পরিত্যক্ত সামগ্রী থেকে তৈরি ৭১টি ভাস্কর্য। ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল সংগ্রহের জন্য হ্রাসকৃত মূল্যে বিক্রয় হবে শিল্পকর্ম।