আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। জঙ্গি দমন হয়েছে, বিশ্বসভায় বাংলাদেশ এখন মর্যাদার আসনে অধিষ্ঠিত। তাই জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার একমাত্র আওয়ামী লীগের আছে, অন্য কারোর নয়। গতকাল সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি সিরাজগঞ্জ পেওর সভায় কোবদাসপাড়া ও চর রায়পুরে আরো দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।
নাসিম বলেন, উন্নয়ন দেবে আওয়ামী লীগ, আর ভোট চাইবে অন্যরা। এ দেশের জনগণ তা মেনে নেবে না। মানতে পারে না। সারা দেশে নৌকার গণজোয়ার দেখে ওরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার সাহস না পেয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তবে তাদের মায়াকান্নায় জনগণের মন গলবে না। স্বাস্থ্যমন্ত্রী তিনটি জনসভার পাশাপাশি এ আসনে বিভিন্ন স্থানে পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন। মোহাম্মদ নাসিমের এই আগমনকে ঘিরে সেখানে হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ বছরের শাসনামলে দেশের উন্নয়ন করেছেন। মানুষ শান্তিতে ও স্বস্তিতে আছেন। বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ ও ১৪ দল পরাজিত হতে পারে না। ৩০ ডিসেম্বর মানুষ নৌকায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ফের বিজয়ী করবে। তিনি বলেন, ৭১ সালে রাজাকার ছিল। এখনও আছে। এবার নতুন করে মিরজাফরের জন্ম হয়েছে। ড. কামাল, কাদের সিদ্দিকীরা রাজাকারদের পক্ষে সাপাই গান। এটা জাতির জন্য দুর্ভাগ্যের।
বিকালে আব্দুল্লাহ আল মাহমুদ কলেজ মাঠে শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন দলটির ইউনিয়ন সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু। বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি প্রমুখ। তিনি সিরাজগঞ্জ-২ সদর আসনের প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না’র পক্ষে শহরতলী এলাকায় ২টি এবং ইউনিয়ন পর্যায়ে একটি জনসভা করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী সরকারি প্রটোকল ছাড়াই ব্যক্তিগত নিরাপত্তা, পতাকাবিহীন ব্যক্তিগত গাড়ি নিয়ে এসব নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। রাতে নাসিম কাজীপুরের খামারপাড়ায় জনসভায় নৌকা মার্কায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।