পিরোজপুরে সিপিবি’র প্রার্থী ডা. তপন বসুর ওপর হামলা

জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র প্রার্থী ডা. তপন বসুর উপর দুর্বৃত্তরা হামলা করেছে। গতকাল সোমবার রাত ৮ টার দিকে পিরোজপুর শহরের পোষ্ট অফিস রোডস্থ ল’ ইয়ার্স প্লাজায় অবস্থিত তার নিজস্ব ডাক্তারী চেম্বারে ঢুকে এ হামলা করা হয়। হামলাকারীরা তার মুখ মণ্ডলসহ শরীরে বিভিন্ন স্থানে কিল ঘুষি মারে। এ সময় তিনি চেম্বারে বসে রোগী দেখছিলেন। ঘটনার পর দলীয় কর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

হামলার বিষয়ে ডা. তপন বসু জানান, আমি চেম্বারে বসে রোগী দেখছিলাম। রাত ৮টার দিকে হঠাত্ করে ৮/৯ জনের একটি দল চেম্বারে ঢুকে আমাকে কিল-ঘুষি মারে এবং গালাগালি করে। আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। নির্বাচনে প্রার্থী হওয়ার কারণেই আমার উপর এ হামলা করা হয়েছে।

সিপিবি’র পিরোজপুর পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট বাহাদুর হোসেন জানান, সোহেল নামের ছাত্রলীগের একজন সাবেক নেতার নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ এ হামলা চালিয়ে ডা. তপন বসুকে আহত করেছে।