মাগুরায় যুবকের গলাকাটা লাশের পরিচয় মিলেছে

আজ সোমবার সকালে মাগুরায় উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় যুবকের গলাকাটা লাশের পরিচয় মিলেছে। তার নাম সেলিম মোল্লা ওরফে হানক সেলিম (৩৫)। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মৃত জাফর মোল্লার ছেলে। পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করলে তদন্তে তার আসল পরিচয় জানতে পারে। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, লাশের পরিচয় জানা গেছে। তার নাম সেলিম মোল্লা ওরফে হানক সেলিম। সে ফরিদপুর জেলার মধুখালী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। 

মাগুরা পৌর এলাকার বরুনাতৈল এলাকা থেকে পুলিশ সকালে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। যুবকের পরনে জিন্সের প্যান্ট ও গায়ে শার্ট ছিল। ধারণা করা হচ্ছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। লাশের পাশে একটি মোটরসাইকেল পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশি তদন্ত চলছে। 

ইত্তেফাক/নূহু