সুযোগ পেলেই ছোবল দেবে বিএনপি জামায়াত :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি মাঠে নামার চ্যালেঞ্জ গ্রহণ করে বিএনপিকে রাজপথে প্রতিরোধে ঘোষণা দিয়ে বলেছেন, ‘রাজপথ ও নির্বাচনী লড়াইয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করে বিএনপি-জামায়াতকে নিশ্চিহ্ন করা হবে।’ গতকাল রবিবার দুপুরে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলের তৃণমূল               নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামীতে খালি মাঠে গোল দেওয়া যাবে না। আগামীর নির্বাচন হবেও আরো কঠিন। তাই সবাইকে এক সঙ্গে থাকতে হবে। দলের মধ্যে কোনো কোন্দল করা যাবে না। কোন্দল করলে সেটি হবে আত্মঘাতি। মোহাম্মদ নাসিম বলেন, যখন কোনো দল সফল হয়, চক্রান্ত তখন গভীর হয়। এখনো গভীর চক্রান্ত হচ্ছে। বিএনপি-জামায়াত এখনো আছে। তারা বিষাক্ত সাপ। সুযোগ পেলেই ছোবল দেবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মেরিনা জাহান, সম্মেলনের প্রধান সমন্বয়ক ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর আব্দুল খালেক ও প্রফেসর সাইদুর রহমান খান, স্থানীয় এমপি যথাক্রমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডা. মনসুর রহমান, আয়েন উদ্দিন ও আদিবা আনজুম মিতা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মেরাজ উদ্দিন মোল্লা।

এদিকে বিকাল সাড়ে ৩টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। সেখানে কাউন্সিলরদের উপস্থিতিতে তিন বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুই জন যুগ্ম সম্পাদকসহ চার জনের নাম ঘোষণা করেন মোহাম্মদ নাসিম। সভাপতি হয়েছেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা। রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারা সাধারণ সম্পাদক; বাঘা উপজেলার চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু এবং রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন তিনি।