এম সোলায়মান নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি নির্বাচিত

তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ ক্লাবের কান্ডারি হলেন ব্যবসায়ী নেতা এম সোলায়মান। গত শনিবার উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ও অভিজাত ক্লাব হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটির ২০১৯ সালের বার্ষিক নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ২৪২ ভোটের ব্যবধানে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  ১২৩৭ জন ভোটারের মধ্যে ৯৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।  ৯৩৭টি ভোটের মধ্যে এম সোলায়মান পেয়েছেন ৫৮৭ ভোট। অপর দিকে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল মনসুর পেয়েছেন ৩৪৫ ভোট। ভোট বাতিল হয়েছে ৫টি।  এম সোলায়মান বর্তমানে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে রয়েছেন। এছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।  এবারের নির্বাচনে ঊর্ধ্বতন সহ সভাপতি পদে হারুন অর রশিদ, সহ সভাপতি পদে মাহবুবুর রহমান মারুফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ক্লাব সভাপতি তানভীর আহমেদ নির্বাচন কমিশনের সকল সদস্যসহ ক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।