শামীম ওসমানের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতার ছেলে

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানে সহধর্মিণী সালমা ওসমান লিপির সাথে বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিনের ছেলে কাউন্সিলর সাদরিল নৌকার পক্ষে ভোট চেয়েছেন। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে ভোট প্রার্থনা করেন। এর আগে দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি সাবেক এমপি গিয়াসউদ্দিনের বাড়িতে গিয়ে তার সহধর্মিণী ও কাউন্সিলর সাদরিলের সাথে রুদ্ধদার বৈঠক করেন। এসময় বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াসউদ্দিনের ছেলে নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাদরিল সালমা ওসমান লিপিকে ফুল দিয়ে স্বাগত জানান। 

জানা যায়, গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি। এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামীলীগ নেত্রী রোকেয়া রহমান, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন, যুবলীগ নেতা মোঃ নাসির খানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বৈঠকে সালমা ওসমান লিপি দেশকে সামনে এগিয়ে নিতে চাইলে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান। তিনি বলেন, আরো ভালো কিছু ভবিষ্যতে পেতে বর্তমান সরকারকে নির্বাচিত করে পুনরায় ক্ষমতায় আনতে হবে। বিগত সময়ে আওয়ামীলীগ সরকার রাষ্ট্রের জন্য, আমাদের সন্তানদের জন্য কি করেছে তা এখন দৃশ্যমান।