ভারতে শিখবিরোধী দাঙ্গায় কংগ্রেস নেতার যাবজ্জীবন

ভারতে ৩৪ বছর আগেকার ভয়াবহ শিখবিরোধী দাঙ্গাতে সরাসরি যুক্ত থাকার অভিযোগে দিল্লি হাইকোর্ট গতকাল সোমবার বিরোধী দল কংগ্রেসের এক সিনিয়র রাজনীতিবিদ সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ১৯৮৪ সালে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার শিখ দেহরক্ষীদের হাতে নিহত হওয়ার পর দিল্লিসহ সারা দেশজুড়ে তিন হাজারেরও বেশি শিখকে হত্যা করা হয়েছিল। আর তাতে এই প্রথম অভিযুক্ত কোন বড় মাপের নেতার সাজা হল। দাঙ্গাপীড়িত বিভিন্ন শিখ পরিবারের সদস্যরা বলছেন, প্রায় তিন যুগ পরে হলেও ওই হত্যাকাণ্ডে জড়িতদের যে অবশেষে সাজা হচ্ছে এটাই তাদের একমাত্র সান্ত্বনা। ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর ইন্দিরা গান্ধী নিহত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিজুড়ে শুরু হয়ে গিয়েছিল শিখবিরোধী তান্ডব। -বিবিসি