ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নে হিজলায় গতকাল সোমবার নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এ সময় উভয় পক্ষের মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়। এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশ মনির হোসেন (৫০), মোঃ টুটুল (৩০), মোফাজ্জল হক (৪০) ও আশিক (২০) নামে চারজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি হিজলায় লিফলেট বিতরণ করেন। এ সময় নির্বাচনী স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিএনপির নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তিনটি মোটরসাইকেল ও চারটি মাইক্রোবাস ভাঙচুর করা হলে অমি ও সাভার উপজেলা বিএনপি নেতা কফিল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য (এসআই) জামাল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।