আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে ইসি ব্যর্থ: সুপ্রিম কোর্ট বার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে থাকে। কিন্তু ইসি তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। তিনি বলেন, নির্বাচন কমিশনাররা যদি আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করতে না পারেন তাহলে এই মুহূর্তে তাদের পদত্যাগ করা উচিত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকনের ওপর গুলি বর্ষণের প্রতিবাদে গতকাল সোমবার আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে বার সভাপতি এসব কথা বলেন।

বার সভাপতি বলেন, সমিতির সম্পাদক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। সংবাদপত্রে এসেছে একজন ওসির হাতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। এখনো ওই ওসি স্বপদে বহাল থাকে কীভাবে। তাতে ক্লোজ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। এ কারণে আমরা এই ইসির কাছ থেকে নিরপেক্ষতা বা লেভেল প্লেয়িং ফিল্ড আশা করতে পারি না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা ও ড. গোলাম রহমান ভুঁইয়া, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার প্রমুখ।