ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক (হেডক্লার্ক) অসীম কুমার চক্রবর্ত্তীকে (৫৫) গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার আট্টাকি কুন্ডুপাড়া গ্রামে দুর্বৃত্তরা ওই কর্মকর্তার ওপর গুলি চালায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা কী কারণে ওই কর্মকর্তাকে গুলি করল তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার বলেন, অসীম কুমার চক্রবর্ত্তীর পিঠে একটি গুলির চি?হ্ন পাওয়া গেছে। গুলিটি শরীরের ভেতরে রয়েছে। অস্ত্রোপচার করতে হবে তাই তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
ফকিরহাট থানার ওসি আবু জাহিদ বলেন, অসীম কুমার চক্রবর্ত্তী আট্টাকী কুন্ডুপাড়া গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পিছন থেকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।