তিন রাজ্যে কংগ্রেসের শপথে যাননি মমতা, যাদব ও মায়াবতী

ভারতের তিন রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের শপথ অনুষ্ঠানে যাননি মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব এবং মায়াবতী। ব্যক্তিগতভাবে এই তিন রাজনৈতিক চরিত্রের অনুপস্থিতি নজর কেড়েছে অনেকের। আর তা নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ধারনা করা হচ্ছে, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়েছে।

সম্প্রতি ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরিয়েছে। তাতে বিজেপিকে হারিয়ে তিন রাজ্যে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী বাছতে একটু সময় লেগেছে বটে, তবে শপথ অনুষ্ঠানে দেরি করেনি কংগ্রেস। প্রতিটি অনুষ্ঠানেই হাজির ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। অন্য দলের প্রধান নেতাদের মধ্যে শপথ অনুষ্ঠানে অংশ নেন জেডিএস নেতা এইচডি দেবগৌড়া, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন, কাশ্মির ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ফারুক আবদুল্লাহ এবং সংযুক্ত জনতা দলের বহিষ্কৃত নেতা শারদ যাদব।

বিধানসভা নির্বাচনের ফল সামনে আসার পর বিজেপিবিরোধী ঐক্যের যে ছবি ধরা পড়েছিল, তিন রাজ্যে কংগ্রেসের সরকার গঠনে সেই ঐক্য যেন কিছুটা বেসুরো ঠেকেছে। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সমর্থনে এগিয়ে এলেও, রাফায়েল বিতর্ক নিয়ে দিন কয়েক আগে কংগ্রেস এবং বিজেপি দুই দলকেই তুলোধনা করেছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। শপথ অনুষ্ঠানে ছিলেন না তিনি। দেখা মেলেনি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবেরও। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতাও কংগ্রেস নেতাদের শপথে যাননি। তার বদলে ভোপালে পাঠিয়েছেন দলের নেতা দীনেশ ত্রিবেদীকে।  -আনন্দবাজার পত্রিকা