বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ছেলে ও ঢাকা-২ আসনের প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে বলে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার সকালে সাভার উপজেলার আমিনবাজারে গণসংযোগ করতে গেলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করেছেন ইরফান ইবনে আমান।
হামলায় ভাঙচুর হওয়া গাড়ি ও আহত কর্মীদের নিয়ে গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে যান ব্যারিস্টার ইরফান ও তার মা সাবেরা আমান। পরে তিনি হামলার ঘটনা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার বরাবর লিখিত অভিযোগ করেন। এ সময় হাতে ও মাথায় ব্যান্ডেজ পরা তিন সমর্থকও সেখানে উপস্থিত ছিলেন।
জাপা প্রার্থীর প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ: নরসিংদী-২ ও নারায়নগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টি-জাপার প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও এই দুই আসনের প্রার্থী মো. আজম খান। একই সঙ্গে গাজীপুর-৫ আসনে আজম খানের স্ত্রী ও জাপা প্রার্থী রাহেলা পারভীন শিশিরের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বলেও নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন মো. আজম খান। গতকাল সোমবার নির্বাচন কমিশনে গিয়ে এমন অভিযোগ করেন আজম খান।