শিবচরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক-২২

শিবচরের কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। পরিস্থিতি শান্ত করতে গেলে শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যানের গাড়ি ভাংচুর করে বিক্ষুদ্ধরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

বিকেল থেকে শুরু হয়ে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত  চলে বিক্ষোভ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাকা গুলিবর্ষণ করে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির বিপিএম, পিপিএমসহ উর্ধ্বতন কর্মকর্তারা। সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের মৌখিক ও লিখিত জবানবন্দি গ্রহন করেন।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, 'সোমবার বিকালে আমাকে অবহিত না করে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বিদ্যালয়ে যান। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই।
বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্ঠা করি। ছাত্র- ছাত্রীরা আমার কথা শুনে সবাই বাড়ি চলে যাচ্ছিলো। এ সময় কিছু বহিরাগত ছাত্র এসে হট্টগোল শুরু করে। একপর্যায়ে উপায়ন্তর না পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাকা গুলি বর্ষণ করে। পরে বিক্ষোভকারীরা ঘটনাস্থল থেকে পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনায় পুলিশ ২২ জনকে আটক করেছে। শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।'

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেল পুঠিয়া শ্রমিক নেতা হত্যায় গ্রেফতার ‘নিরপরাধ’ কিশোর

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, 'গত তিনদিন শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে আসছে। কিন্তু সোমবার বিকালে উপজেলা চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সঙ্গে নিয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করি। কিন্তু শিক্ষার্থী ও এলাকাবাসী প্রশাসনের আশ্বাস মেনে নেয়নি। পরে এলাকাবাসী ও শিক্ষার্থীরা আমাদেরকে অবরুদ্ধ করার ঘোষণা দিয়ে গাড়ি ভাংচুর করে।'

ইত্তেফাক/নূহু