আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে প্রতীক বরাদ্দের পর ভোটের লড়াইয়ে নেমেছেন ৬ প্রার্থী। প্রত্যেকেই কর্মী সমর্থকদের নিয়ে দিনরাত প্রচারণা চালাচ্ছেন। তবে ৬ জন প্রার্থী থাকলেও এ আসনে আলোচনার শীর্ষে রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। ফলে নৌকা-ধানের শীষের লড়াই হবে ধারণা করছেন ভোটাররা।
১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে নেতাকর্মী, সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম (নৌকা), বিএনপির প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান সুখন (ধানের শীষ), ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. ইসলাম উদ্দিন (মোমবাতি), ইসলামী ঐক্যজোটের প্রার্থী আবুল কাশেম মো. আশরাফুল হক (মিনার), ইসলামী আন্দোলনের প্রার্থী হুসেইন আহম্মদ (হাতপাখা), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মো. ফায়েজুল হক (গরুর গাড়ি)।
এবারও এ আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম নৌকা প্রতীকে নির্বাচন করছেন। ভোটের মাঠে আছেন বিএনপির প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান সুখন। নির্বাচনী মাঠে সমান তালে দৌঁড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী। মাঠের ফসল থেকে চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই আলোচিত হচ্ছে এ দুজনের মধ্যে কে হাসবেন শেষ হাসি। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবারও মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক এমপির মৃত্যুতে ২০১৮ সালের ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম (নৌকা)বিপুল ভোটে নির্বাচিত হন। অপরদিকে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন পুরানো খেলোয়াড় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ একে একরামুজ্জামান সুখন। দুই হেভিওয়েট প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারণায় এখন ব্যস্ত।
আরো পড়ুন: মঙ্গলে বইছে বাতাস, শব্দ রেকর্ড করল নাসা
নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-১ আসন। জাতীয় সংসদের ২৪৩নং ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনে মোট ভোটার ২ লাখ ১৩ হাজার ৯শ’ ৭০ জন। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪’শ ৪৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩ হাজার ৫’শ ২৩ জন। স্বাধীনতার পর বিএনপি এই আসনটি থেকে বঞ্চিত রয়েছে। বিগত দশটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পাঁচবার, জাতীয় পার্টি তিনবার এবং মুসলিমলীগ ও স্বতন্ত্র একবার করে এই আসনে জয়লাভ করে।
ইত্তেফাক/জেডএইচ