রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন। জেলার গুরুত্বপূর্ণ এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী ড. আনোয়ার হোসেন খানের নৌকা মার্কার সমর্থনে দলীয় নেতা-কর্মী সাধারণ সমর্থকদের প্রচার-প্রচারণায় মাঠ সরগরম থাকলেও মাঠে নেই বিএনপি।
লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ড. আনোয়ার হোসেন খান, ঐক্যফ্রন্ট থেকে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে আলমগীর হোসেন কাঁঠাল প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম হারিকেন প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের রফিকুল ইসলাম হাতপাখা প্রতীকে, এনপিপির মোশারফ হোসেন আম প্রতীকে, বিএনএফের সিরাজ মিয়া টেলিভিশন প্রতীকে।
আওয়ামী লীগের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান প্রতীক বরাদ্দের দিন থেকেই দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী নিজে ও তার নেতা-কর্মী-সমর্থকরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইছেন।
এদিকে নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-১ রামগঞ্জের সর্বত্র নৌকার পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী এলডিপির তথা ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের কোনো পোস্টার এখনও লাগানো হয়নি।
আওয়ামী লীগের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান বলেন, আমি গত ৫ বছর ধরে রামগঞ্জে দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য কাজ করেছি। গরিব, দুখী, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। দলের প্রতিটি প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছি। আমি কাজ করেছি আমাদের নেত্রী শেখ হাসিনাকে আরেকবার প্রধানমন্ত্রী করার জন্য ও রামগঞ্জ আসনটি তাকে উপহার দিতে। আমার গত ৫ বছরের কর্মকাণ্ডের উপর আস্থা রেখে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ এখন ভোটের মাঠে আমার জন্য তথা নৌকা মার্কাকে বিজয়ী করতে কাজ করছে।