ব্রাহ্মণবাড়িয়ায় সাত ভুয়া পুলিশ ও সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাঞ্ছারামপুরে দরিকান্দি ভোরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দেওয়ান নাঈম আহম্মেদ, প্রশান্ত চক্রবর্তী, খাইরুল ইসলাম সজিব, মনোরঞ্জন দাস, মিঠুন চন্দ্র দাস, সুমন চন্দ্র দাস, দিলীপ চন্দ্র দাস। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, একটি কালো মাইক্রো গাড়ির সামনে ও পিছনে পুলিশ এবং সাংবাদিক স্টিকার লাগিয়ে ঘুরাফেরা করতে থাকলে টহল পুলিশের সন্দেহ হয়।
পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে তাদের কেউ পুলিশ কেউ সাংবাদিক পরিচয় দেয়। আইডি কার্ড দেখতে চাইলে তারা আইডি কার্ড দেখাতে ব্যর্থ হয়। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে এলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানায়, সাধারণ মানুষকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়ের জন্য তারা এই দুটি নাম ব্যবহার করতেন।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ