নিলামে ঝড় তুলে কোটিপতি বরুণ

স্পোর্টস রিপোর্টার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে গতকাল। রাজস্থানের জয়পুরে নিলামে তোলা হয় ৩৫১ ক্রিকেটারকে। যার মধ্যে ভারতীয় ২২৮ ক্রিকেটার ছিলেন। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হওয়া নিলামে তোলা হয়েছিল বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের নাম। ৫০ লাখ ভিত্তি মূল্যে মুশফিককে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল।

তবে গতকাল নিলামে বাজিমাত করেছেন ভারতের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও জয়দেব উনাদকাত। তামিল নাড়ুর লেগ স্পিনার বরুণ চক্রবর্তীই নিলামের মাঠ গরম করেছেন। ২০ লাখ ভিত্তি মূল্যের এই ২৭ বছর বয়সী স্পিনারকে ৮.৪০ কোটি রুপিতে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। যদিও পেশাদার ক্রিকেটে তার অভিজ্ঞতা সামান্যই। একটি প্রথম শ্রেণির ম্যাচে এক উইকেট, নয়টি লিস্ট-এ ম্যাচে ২২ উইকেট তার।

অথচ বর্ণিল তার ক্রিকেট ক্যারিয়ার। উইকেটকিপার ব্যাটসসম্যান হিসেবে ১৭ বছর বয়সে খেলা শুরু বরুণের। পরে স্থপতি হিসেবে ডিগ্রি নিয়েছেন। স্থপতি হিসেবে কাজের পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলা শুরু করেন আবার। এবার হানা দেয় হাঁটুর ইনজুরি। ফিরে এসে রীতিমতো স্পিনার বনে যান বরুণ। টেনিস বল থেকে আবার নতুন করে লড়াই শুরু। যার হাতে এখন অনেকগুলো অস্ত্র। অফব্রেক, লেগ ব্রেক, গুগলি, ক্যারম বল, ফ্লিপার, টপস্পিন, এমনকি এক স্লাইডারও মারতে পারেন বরুণ।

১.৫০ কোটি ভিত্তি মূল্য থেকে ৮.৪০ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস কিনেছে জয়দেব উনাদকাতকে। অবশ্য গত জানুয়ারিতে অনুষ্ঠিত নিলামে তাকে ১১.৫ কোটিতে কিনেছিল একই দল। বর্তমান নিলামের আগে তাকে ছেড়ে দেয় রাজস্থান। গতকাল আবার বাঁহাতি এই পেসারকে কিনলো দলটি। ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার স্যাম কুরানকে ৭.২ কোটি রুপিতে দলে ভেড়ায় পাঞ্জাব। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কলিন ইনগ্রামকে ৬.৪০ কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস।

ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে কার্লোস ব্রেথওয়েটকে নিয়ে হয়েছে টানাটানি। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাবের লড়াইয়ে দাম বেড়েছে ব্রেথওয়েটের। শেষ পর্যন্ত কলকাতা এই পেস বোলিং অলরাউন্ডারকে কিনেছে ৫ কোটি রুপিতে। অক্টোবরে ভারত সফরে ওয়ানডেতে মারকাটারি ব্যাটিং করা তরুণ শিমরন হেটমায়ারকে ৪.২০ কোটি রুপিতে কিনেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৪.২০ কোটি রুপিতে উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাস পুরানকে দলে টেনেছে পাঞ্জাব।

এছাড়া মোহাম্মদ শামি ৪.৮০ কোটিতে পাঞ্জাবে, মোহিত শর্মা ৫ কোটিতে চেন্নাইয়ে, তরুণ ব্যাটসম্যান শিবাম দুবে ৫ কোটিতে ব্যাঙ্গালুরুতে, লাসিথ মালিঙ্গাকে ২ কোটিতে মুম্বাই ইন্ডিয়ান্সে বিক্রি হয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ইনজুরি ও বিশ্বকাপের কারণে বিসিবিও বাঁহাতি এই পেসারের বিদেশি লিগ খেলায় বিরতি দিতে বলেছিল।

গতকাল নিলামে অবিক্রিত ক্রিকেটারদের তালিকায়ও আছে বড় বড় নাম। দল পাননি ভারতের  মনোজ তিওয়ারি, চেতেশ্বর পুজারারা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে অ্যালেক্স হেলস, ব্রেন্ডন ম্যাককালাম, ডেল স্টেইন, মরনে মরকেল, অ্যাঞ্জেলো ম্যাথুস, হাশিম আমলার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।

উল্লেখ্য, এবার দিল্লি ডেয়ারডেবিলসের নাম হচ্ছে দিল্লি ক্যাপিটালস। আর ওয়ানডে বিশ্বকাপের কারণে এগিয়ে এসেছে আইপিএল। ২৩ মার্চ শুরু হবে টুর্নামেন্ট। শেষ হবে মে মাসের মাঝামাঝি, বিশ্বকাপের আগেই।