ব্যাটসম্যানদের দুষছেন কোহলি

স্পোর্টস রিপোর্টার

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ডুবলো ভারত। পার্থ টেস্টে ভারতকে ১৪৬ রানের ব্যবধানে হারিয়ে চার ম্যাচের সিরিজে ১-১ সমতা আনলো অস্ট্রেলিয়া। হারের দায়টা তাই ব্যাটসম্যানদেরই দিলেন অধিনায়ক বিরাট কোহলি।

অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করে ৩১ রানে জিতেছিল ভারত। চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে এরপর পার্থের নতুন ভেন্যুতে দ্বিতীয় টেস্ট খেলতে নামে টিম ইন্ডিয়া। কিন্তু এখানে পুরোপুরিভাবে নিজেদের মেলে ধরতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে অসহায় ছিল ভারতের ব্যাটসম্যানরা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে ২৮৩ রান ০পর্যন্ত যেতে পারে ভারত। ফলে প্রথম ইনিংস থেকে ৪৩ রানের লিড পায় অসিরা। সেই লিডকে খুব বেশি বড় করতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে অলআউট হয় অজিরা। ফলে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ২৮৭ রান।

এই টার্গেট স্পর্শ করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটসম্যানরা। চতুর্থ দিন শেষে ১১২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে ভারত। আর পঞ্চম ও শেষদিনে মাত্র ১৪ ওভার টিকতে পারে বিরাট কোহলির দল। ১৪০ রানেই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। আবারো অস্ট্রেলিয়ার বোলারদের সামনে নিজেদের অসহায়ত্বের প্রমাণ দেয় ভারতের ব্যাটসম্যানরা। তাই ম্যাচ শেষে ব্যাটসম্যানদের দোষারোপ করলেন দলের ভারতীয় অধিনায়ক কোহলি, ‘ব্যাটিং-এ অস্ট্রেলিয়া আমাদের চাইতেও ভালো করেছে। আমরা এখানেই পিছিয়ে পড়েছি। এই পিচে প্রথম ইনিংসে তিনশ’র ওপরে রান করা নিঃসন্দেহে বড় কথা। অজিরা সেটাই করেছে। এছাড়া তাদের বোলাররা ছিল দুর্দান্ত। আমাদের ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে প্রশ্ন আছে। দ্বিতীয় ইনিংসে আমাদের টার্গেট আরও ৩০-৪০ রান কম হলে সুবিধা হতো। এমন জয় অস্ট্রেলিয়ার প্রাপ্য।’

পুরো টেস্টে অস্ট্রেলিয়ার বোলারদের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। ম্যাচ জয়ের জন্য দলের বোলারদের কৃতিত্ব দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। তিনি বলেন, ‘সত্যি, স্বস্তি পাবার মতো এক জয়। খেলোয়াড়দের ও স্টাফদের এজন্য ধন্যবাদ। দলের জয়ে সকলে অবদান রাখতে পেরেছে। এমন পিচে বোলাররা একই লাইন-লেন্থে বল করে গেছে এবং ভারতের ব্যাটসম্যানদের চাপে রেখেছে। দুই ইনিংসে একই রকম পরিস্থিতি করা সত্যি প্রশংসনীয়। কারণ দল হিসেবে ভারত অনেক বেশি শক্তিশালী। বিশেষভাবে তাদের ব্যাটিং লাইন-আপ। বিশ্বসেরা ব্যাটিং লাইন-আপের বিপক্ষে অস্ট্রেলিয়ার বোলারদের পারফরমেন্স অবশ্যই প্রশংসনীয়।’ এদিকে ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রথম দুই টেস্টের স্কোয়াডের ওপর ভরসা রেখেছে অসি নির্বাচকরা। অর্থাত্ চার ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অপরিবর্তিত স্কোয়াডই বহাল রাখলো সিএ।

সিএ’র নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘এই দলটির ওপর আমাদের আস্থা রয়েছে। তাই স্কোয়াডটি বহাল রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে নিয়ে গড়া পেস অ্যাটাকটি সেরা। এই দলকে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’

অস্ট্রেলিয়া স্কোয়াড: টিম পেনি (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান লিঁও, মিশেল মার্শ, শন মার্শ, মিশেল স্টার্ক ও পিটার সিডল।