পরপর নিজের ৩টি গরুর মৃত্যু দেখে অসুস্থ মালিক হাসপাতালে

কপোতাক্ষ নদ পারাপারের সময় ভাটার অতিরিক্ত চাপে জেলেদের জালে জড়িয়ে ৩টি গরুর মৃত্যু হয়েছে। চোখের সামনে নিজের গৃহপালিত গরুগুলোর মৃত্যু দেখে তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়েন গরুর মালিক আফিল উদ্দীন গাজী।পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রবিবার দুপুরের দিকে সাতক্ষীরার তালা উপজেলার ঘোষনগর খেঁয়াঘাট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের মৃত মিনাজ উদ্দীন গাজীর ছেলে আফিল উদ্দীন গাজী প্রতিদিনের ন্যায় তালার ঘোষনগর খেঁয়াঘাট সংলগ্ন ঐ এলাকা দিয়ে তার ৪টি গরু ওপারে কানাইদিয়া এলাকায় ঘাষ খাওয়াতে নিয়ে যাচ্ছিলেন। একই সময় এর পাশাপাশি এলাকায় নদীতে মাছ ধরার জন্য জাল পাতেন জেলে। এ সময় ভাটায় অতিরিক্ত স্রোতে তোড়ে গরুগুলোর মধ্যে তিনটি ভেসে গিয়ে মাছ ধরা জালের মধ্যে ঢুকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এর মধ্যে ২টি গাভী ও ১ টি ষাঁড় রয়েছে।

আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের পর হত্যায় গ্রেপ্তার ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

এ ব্যাপারে তালার খলিলনগর পুলিশ ফাঁড়ির এএসআই শহীদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে গরুর মালিককে খুঁজে পাননি। 

ইত্তেফাক/বিএএফ