স্পোর্টস রিপোর্টার
ইনিংস ব্যবধানে হার এড়াতে অতিমানবীয় কিছু একটা করার খুব দরকার ছিল লঙ্কান ব্যাটসম্যানদের। আর গতকাল সেটা করে ফেললেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুস। দুইজনেই পেয়েছেন সেঞ্চুরি। এর চেয়েও বড় ব্যাপার হলো ওয়েলিংটনের চতুর্থ দিনটা একটাও উইকেট না হারিয়ে শেষ করলো সফরকারীরা।
২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ২৫৯ রান করেছে লঙ্কানরা। ৭ উইকেট হাতে রেখে ৩৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। ইনিংস হার এড়াতে আরও ৩৭ রান করতে হবে লঙ্কানদের। নিশ্চিত পরাজয়ের দুুয়ারে দাঁড়ানো দলটি এখন অন্তত ড্রয়ের স্বপ্ন দেখতেই পারে।
২৯৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেই মহাবিপদে পড়ে শ্রীলঙ্কা। ১৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। এ অবস্থায় দিন শেষ করেন মেন্ডিস ও ম্যাথুজ। মেন্ডিস ৫ ও ম্যাথুস ২ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনের শুরু থেকেই উইকেটে সেট হবার পরিকল্পনা ছিলো মেন্ডিস ও ম্যাথুসের। নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন ক্রিজে দেখান তারা। নিউজিল্যান্ডের বোলারদের দেখে শুনে খেলতে থাকেন তারা। তাই প্রথম সেশনটি বেশ ভালোভাবেই পার করে দেন মেন্ডিস ও ম্যাথুস। ৩ উইকেটে ১২২ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যান তারা। এসময় মেন্ডিস ৬৫ ও ম্যাথুস ৩৫ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় সেশনেও বেশ সর্তক ছিলেন মেন্ডিস ও ম্যাথুজ। তাই এই জুটি ভাঙতে ঘাম ঝড়াতে হয়েছে নিউজিল্যান্ডের বোলারদের; কিন্তু উইকেটের সাথে সন্ধি করে ফেলেন মেন্ডিস ও ম্যাথুস। তাদের পথে বাধা হতে পারেননি নিউজিল্যান্ডের ছয় বোলার। তাই দ্বিতীয় সেশনটিও বিপদ ছাড়া পার করে দেন মেন্ডিস-ম্যাথুজ। এসময় শ্রীলঙ্কার রান ছিলো ৩ উইকেটে ১৯৭। সেঞ্চুরি থেকে ২ রান দূরে দাঁড়িয়ে ছিলেন মেন্ডিস। ৭৪ রানে অপরাজিত ছিলেন ম্যাথুজ।
তৃতীয় সেশনের শুরুতে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। সতীর্থের সেঞ্চুরি দেখে আত্মবিশ্বাস বেড়ে যায় ম্যাথুজের। তাই টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরির স্বাদ নিতে মোটেও ভুল করেননি ম্যাথুজ।
সেঞ্চুরি তুলেও উইকেটে টিকে থাকার লড়াই চালিয়ে গেছেন মেন্ডিস ও ম্যাথুজ। তাতে সফল হয়েছেন তারা। তাই দিন শেষে অবিচ্ছিন্ন মেন্ডিস ও ম্যাথুজ। মেন্ডিস ১১৬ ও ম্যাথুজ ১১৭ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে ২৪৬ রানের অনবদ্য জুটি গড়েছেন মেন্ডিস-ম্যাথুস। এটা নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান।
মেন্ডিসের ২৮৭ বলের ইনিংসে ১২টি চার ও ম্যাথুসের ২৯৩ বলের ইনিংসে ১১টি চার ছিলো। এর আগে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি দুইটি ও টেন্ট্র বোল্ট একটি উইকেট নেন। তবে চতুর্থ দিন ব্ল্যাক ক্যাপ বোলারদের সাফল্য ছিলো শূন্য।