স্বাধীনতার ৪৮ বছর পর মহান বিজয় দিবসের দিনে কালো কাপড় মুখে বেঁধে এক মানববন্ধনের কর্মসূচী পালন করেছে গাইবান্ধায় হরিজন সম্প্রদায়। সোমবার গাইবান্ধা প্রেসক্লাব সংলগ্ন সড়কে তারা নাগরিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধন করে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাংলাদেশ বাসফোর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচী আয়োজিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হরিজন যুব ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় শাখার আহবায়ক রাজেশ বাসফোর, বাংলাদেশ বাসফোর কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি সন্তোষ বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ গাইবান্ধা পৌরসভা শাখার সভাপতি কীর্ত্তন বাসফোর, সাংগঠনিক সম্পাদক সোহাগ বাসফোর প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৮বছর পরেও হরিজন সম্প্রদায়ের লোকজন স্বাধীনতার খোঁজে আজ রাজপথে। দেশে আজও প্রতিষ্ঠিত হয়নি তাদের নাগরিক ও সাংবিধানিক অধিকার। দেশের কোনও হোটেল-রেষ্টুরেন্টে হরিজন সম্প্রদায়ের লোকজন একজন সাধারণ মানুষের মতো প্রবেশ করতে পারে না। এমনকি আজও কোনও চায়ের দোকানে চা পান করতে গেলে তাদের নিজেদের মগ সঙ্গে করে নিয়ে যেতে হয়। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাণ্ডে হরিজন শ্রমিকদের কাজ করার সুযোগও দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: কিংবদন্তী গর্ড ডাউনিকে স্মরণ; ‘অন্টারিও পোয়েট লরিয়েট বিল’ পাশ
ফলে স্বাধীনতার ৪৮বছর পরেও হরিজন জনগোষ্ঠীর পরিবারগুলো আর্থিক কষ্টে মানবেতর জীবন যাপন করছে।
ইত্তেফাক/নূহু