স্পোর্টস রিপোর্টার
জাতীয় হকি দলের দুই খেলোয়াড় ফরহাদ আহমেদ সিতুল এবং আশরাফুল ইসলাম পাকিস্তানের হকি লিগে খেলার জন্য মনোনীত হয়েছেন। পাকিস্তানে আগামী ১১ জানুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন হকি ফেডারেশনের কর্মকর্তা মাহবুব এহসান রানা। পাকিস্তান হকি ফেডারেশন বাংলাদেশের কাছে দুইজন খেলোয়াড় চেয়েছিল। কোন দুইজন পাঠাবে বাংলাদেশ তা নিয়ে সিলেকশন কমিটি সিদ্ধান্ত দিয়েছিলেন সিতুল এবং আশরাফুলকে। গতকাল হকি ফেডারেশনের ওয়ার্কিং কমিটির সভায় চূড়ান্ত হয়েছে সিতুল এবং আশরাফুল যাবেন পাকিস্তান। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জানিয়েছেন সিতুল এবং আশরাফুলের ভবিষ্যতের কথা ভেবে এই দুজনকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তারা যেন বাংলাদেশ জাতীয় দলে আরও ভালো খেলতে পারে, সেজন্যই একসপোজার দেওয়ার দরকার।’
জানা যায় লিগের খেলাটি হবে ১০ দিনের জন্য। এটি লিগ নাকি ফ্রাঞ্চাইজি হকি তা নিশ্চিত নয়। তবে যেটাই হোক ফেডারেশন তাদের খেলোয়াড়দের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিতেই সুযোগটি কাজে লাগাতে চায়। সিতুল এশিয়ান গেমস হকি দলের অধিনায়ক ছিলেন। কুশলী খেলোয়াড় আশরাফুল হচ্ছে জাতীয় হকি দলের দ্বিতীয় পেনাল্টি কর্নার স্পেশালিস্ট। এই দুজন পাকিস্তানে খেলার বিনিময়ে ৩ হাজার ডলার করে পাবেন। সঙ্গে যাওয়া আসা থাকা খাওয়ার সুবিধা থাকবে।