চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিজয় দিবসের দিন সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীর সময় ৫ যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। তাদের আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
তারা হলেন- চুয়াডাঙ্গার মালোপাড়ার সজিব আকবর (৪৮), জ্বিনতলাপাড়ার আরিফ (৪৫), বাগানপাড়ার খোকনের ছেলে আশিক বিশ্বাস (২৫), রেলপাড়ার সাব্বির (২৭) ও জাফরপুরের নজরুল (৩৬)।
চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী পিনুর কাছে চাঁদা নিতে যান ৫ যুবক। টাকা লেনদেন নিয়ে পিনুর সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাজারে উপস্থিত লোকজন যুবকদের গণপিটুনী দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, তারা ইতিপূর্বে বিভিন্ন কৌশলে পিনুর কাছ থেকে ৮৫ হাজার টাকা চাঁদা হাতিয়ে নিয়েছেন। তাদের নামে মামলা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি