ডিএনসিসি এলাকার সুবিধাবঞ্চিত ৩১৮ শিশুকে আর্থিক অনুদান

প্রতিটি শিশু ১৮ মাসে পাবে ৩৬ হাজার টাকা

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং ইউনিসেফের সহযোগিতায় সংস্থাটির আওতাধীন এলাকার ৩১৮ জন সুবিধাবঞ্চিত শিশুকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর পল্লবীতে অবস্থিত ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শর্তযুক্ত অর্থের চেক হস্তান্তর করা হয়। এসব শিশুদের মধ্যে ১৩৫ জন ছেলে ও ১৮৩ জন মেয়ে শিশু। প্রতিটি শিশু ৩টি সমান কিস্তিতে ১৮ মাসে ৩৬ হাজার টাকা পাবে। প্রথম কিস্তিতে (৬ মাস) প্রতি শিশু ১২ হাজার টাকা করে পাচ্ছে।

আয়োজকরা জানান, বিবাহ বন্ধ, স্কুল থেকে ঝড়ে পড়া রোধ ও শিশু শ্রম হ্রাস করার জন্য সুবিধাবঞ্চিত শিশুদের এ অর্থ সহায়তা দেওয়ার মূল কারণ। ইউনিসেফ আর্থিক সহায়তা ও সমাজ সেবা অধিদফতরের কারিগরি সহায়তায় শর্তযুক্ত অর্থসহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

শর্তযুক্ত অর্থসহায়তা প্রাপ্তির শর্তাবলীর মধ্য রয়েছে- শিশুকে অবশ্যই কেস ম্যানেজমেন্টের আওতায় আসতে হবে। সুবিধাভোগী শিশুর বয়স অবশ্যই ৬ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। গৃহহীন পথশিশু অথবা বিপজ্জনক শ্রম, শিশু বিকাশের পরিপন্থী কাজে নিয়োজিত শিশু। এছাড়া পরিত্যক্ত, নাম পরিচয়হীন, বৈধ অভিভাবকহীন শিশু এই সুবিধা পাবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-২ এর নির্বাহী কর্মকর্তা এএসএম শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাকির হাসান, ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ ক্রিস্টানা ওয়েসলান্ড, চাইল্ড সেনসেটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ-২-এর প্রকল্প পরিচালক ডা. আশরাফি আহমেদ প্রমুখ।