উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন শেষে যুক্তরাষ্ট্রের আফ্রিকা ও এশিয়ার শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক উপ-সহকারী মন্ত্রী রিসার্ড অলব্রাইট সাংবাদিকদের বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে আরো উন্নত পরিবেশ সৃষ্টির প্রয়োজন রয়েছে। রবিবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেছেন রিসার্ড।
তিনি বলেন, স্বেচ্ছায় প্রত্যাবাসনে ইচ্ছুক রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদা সম্পন্ন প্রত্যাবাসন হওয়া উচিত। যেহেতু রোহিঙ্গারা বলপূর্বক বাস্তচ্যুত। তারা নির্যাতনের শিকার হয়ে এ দেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গারা রাখাইনে ফিরে যাওয়ার পর তারা যেনো স্বস্তিতে বসবাস করতে পারে সেজন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দাতাসংস্থাকে রাখাইনে অবাধে কাজ করার সুযোগ নিশ্চিত করা দরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউএসডি বাংলাদেশ মিশনের প্রধান ডেরিক ব্রাউন।