বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে জাতীয় প্রেসক্লাবে প্রস্তাবিত ৩১ তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স ভবন নির্মাণে সহায়তা প্রদান এবং সাংবাদিকদের জন্য ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে হোটেল সোনারগাঁওয়ের বলরুমে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এ আশ্বাস দেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহের অধিকার সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ। ইতোমধ্যে সংবিধানের ৩৯ অনুচ্ছেদের চেতনায় দেশে গণমাধ্যমে অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে। গণমাধ্যমে সকল শাখা ব্যাপকভাবে বিকাশ লাভ করেছে। সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হয়েছে। সর্বস্তরে সাংবাদিকদের জন্য এই ওয়েজবোর্ড বাস্তবায়নের কার্যকর ভূমিকা গ্রহণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, সাংবাদিকতা পেশা ও স্বাধীনভাবে তথ্য সরবরাহে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেন কিছুতেই বাধা না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সংবাদপত্রে বিজ্ঞাপন বিতরণে বৈষম্যমূলক নীতি, দলীয়করণ বন্ধ এবং সংবাদপত্রকে শিল্প হিসেবে বিবেচনা করে এর বিকাশে সহায়তা প্রদান করা হবে। গণমাধ্যমবান্ধব আইন প্রণয়ণ করা হবে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে কোনো আইনের অপপ্রয়োগ হবে না।