গোমস্তাপুরে বিএনপির সমাবেশ পণ্ডের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির সমাবেশ পণ্ডের অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন একটি মিল চাতালে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্থানীয় বিএনপি নেতারা জানান, 'বিএনপির দুই গ্রুপের ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় বিএনপির একাংশের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের সমঝোতার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে  বিএনপির প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের উপস্থিত থাকার কথা ছিল। এ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সমাবেশস্থলের আশেপাশে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।'

এছাড়া বিএনপির ওই অংশের নেতা ও উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলামের আলীনগরের  বাড়িতে পুলিশ অভিযান চালায় বলে বিএনপি নেতারা অভিযোগ করেছে।

এ প্রসঙ্গে বিএনপি নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম জানান, 'দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা স্থান পরিবর্তন করে অন্যত্র সমাবেশ করার চেষ্টা করছিলাম। কিন্তু সমাবেশস্থলের আশেপাশে পুলিশের উপস্থিতি ও তার বাড়িতে পুলিশি অভিযানের প্রেক্ষিতে সমাবেশ স্থগিত করতে বাধ্য হই।' তিনি পুলিশের এ ধরনের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান। 

আরও পড়ুনঃ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ইত্তেফাক/নূহু