মোল্লাহাটে ট্রাক চাপায় চালক নিহত

মোল্লাহাটে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে অপর ট্রাকের চালক সারাফত হোসেন (২৫) নিহত হয়েছেন। এসময় ওই ট্রাকের আরও দুজন সহকারী আহত হন। নিহত ট্রাক চালক সারাফত হোসেন নড়াইল জেলা সদরের বাসিন্দা। গত রবিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মনিরুল ইসলাম ও শরীফ মিয়া। এদের বাড়ি নড়াইল ও সাতক্ষীরা জেলায়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মাসুদ সরদার জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছে নিহত ট্রাকচালক এবং তার দুই সহকারীকে উদ্ধার করে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহাসড়ক পুলিশের কাটাখালী থানার এসআই মলয়েন্দ্র নাথ রায় বলেন, নিহত ট্রাকচালক সারাফত হোসেনের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইজিবাইক চাপায় শিশু নিহত

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, পাইকগাছায় ইজিবাইক চাপায় সোহাগী নামে এক শিশু নিহত হয়েছে। নিহত সোহাগী মৌখালী গ্রামের সোহাগ গাজীর মেয়ে ও মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। মৌখালী ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক শশাঙ্ক বাছাড় জানান, ঘটনার দিন গত রবিবার সকাল সাড়ে ১১টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে পুনরায় স্কুলে আসার সময় মৌখালী বাজারস্থ স্কুলের সামনে চলন্ত ইজিবাইকের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল।

এ সময় ইজিবাইকটি কড়া ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিক্ষার্থী সোহাগী মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলে ওসি আমিনুল ইসলাম  জানিয়েছেন।