জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিক প্যানেল বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সভাপতি পদে যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও সাধারণ সম্পাদক পদে ইত্তেফাকের শিফট ইনচার্জ ফরিদা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। ব্যবস্থাপনা কমিটির ১৭টি পদের মধ্যে সাইফুল-ফরিদা প্যানেল থেকে ১৩টি পদে জয়লাভ করেছে। অন্য দিকে, বিএনপি সমর্থক শওকত মাহমুদ ও ইলিয়াস খান প্যানেল থেকে শুধুমাত্র সদস্য পদে তিনজন নির্বাচিত হয়েছেন। সদস্য পদে স্বতন্ত্র হিসেবে লড়ে জাহিদুজ্জামান ফারুক নির্বাচিত হয়েছেন।
‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’ প্যানেল থেকে সভাপতি পদে বিজয়ী সাইফুল আলম পেয়েছেন ৬২১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত মাহমুদ পেয়েছেন ৪৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪০৬ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ৪৪২ ভোট পেয়ে ওমর ফারুক (বাসস) ও সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া (বাংলাদেশের খবর) ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
একই প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহেদ চৌধুরী (সমকাল) ৫৯৯ ভোট পেয়ে ও মাঈনুল আলম (ইত্তেফাক) ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যাক্ষ পদে ৫৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
এ ছাড়া, সদস্য পদে ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’ প্যানেল থেকে আরও নির্বাচিত হয়েছেন- আনন্দবাজার পত্রিকার কুদ্দুস আফ্রাদ (৫১৫), ইত্তেফাকের শামসুদ্দিন আহমেদ চারু (৫০৭), মাছরাঙ্গা টিভির রেজোয়ানুল হক রাজা (৪৮৪), ডেইলি অবজারভারের শাহনাজ বেগম (৪৬২), চ্যানেল আইয়ের কল্যাণ সাহা (৪৩৯) ও দৈনিক বর্তমানের হাসান আরেফিন (৩৯১)। সদস্য পদে আরও জয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত শওকত-ইলিয়াস প্যানেলের নিউএজের সানাউল হক (৪৪২), আমার দেশের সৈয়দ আবদাল আহমদ (৪১৭) ও বাসসের বখতিয়ার রাণা (৪০১)। এ ছাড়াও, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য নির্বাচিত হয়েছেন জাহিদুজ্জামান ফারুক (৪২৯)। তিনি মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সদস্য। ফোরাম থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র হিসেবে লড়েছেন।
গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১ হাজার ২১২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত সোয়া ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শাহ আলমগীর।
এ দিকে, নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।