চট্টগ্রামের ১৬ আসনে মহাজোট প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

চট্টগ্রামের ১৬টি আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা উত্সবমুখর পরিবেশে গতকাল মঙ্গলবারও স্ব-স্ব নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। এ সময় তারা জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ ও মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী বাকলিয়া এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের জন্য ২০ হাজার কোটি টাকা প্রকল্প বাস্তবায়ন করেছেন। আরো কিছু প্রকল্প এখনও বাস্তবায়নাধীন। এ সকল প্রকল্প বাস্তবায়নে সুযোগ-সুবিধায় বাকলিয়াবাসী আজ উন্নয়নের স্বপ্নযাত্রায় অর্জনে অংশীদারিত্ব করেছেন। অবহেলিত বাকলিয়াকে উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন আমার পিতা মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী। সে স্বপ্ন বাস্তবায়নে আমি অঙ্গীকারাবদ্ধ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, বাকলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইসহাক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক কাউন্সিলর হারুন অর রশিদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ প্রমুখ।

চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আফছারুল আমীন গতকাল নৌকা প্রতীকের সমর্থনে তার সংসদীয় আসনের আওতাধীন ২৪নং উত্তর আগ্রাবাদ ও ২৫নং রামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এই সময় ডা. আফছারুল আমীন জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং আগামী দিনে তাদের পাশে থাকার নিশ্চয়তা দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকারের গণতন্ত্র, উন্নয়ন ও অগতির ধারাকে অব্যাহত রাখার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে উনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী চট্টগ্রাম দক্ষিণ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে নিয়ে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ও এওচিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ এবং একাধিক পথসভায় বক্তব্য রাখেন। কাঞ্চনা ইউনিয়নের জুটপুকুরিয়া বাজার, ফুলতলা  স্টেশন, বটতল, মনুফকির হাট, কাঞ্চনা স্কুল এবং এওচিয়া ইউনিয়নের এওচিয়ারটেক, ছনখোলা, শান্তির টেক, দেওদীঘি, ঘোলাঘাট এলাকায় গণসংযোগ এবং একাধিক পথসভায় বক্তব্য রাখেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন পথকে বাংলাদেশ আওয়ামী লীগ তথা মহাজোট মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরী গতকাল সারাদিন ৭নং জিরি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় করেন। সকালে জিরি ইউনিয়নের কৈয়গ্রামসহ বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ করেন। এসময় উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক প্রদীপ দাশ, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল  চেয়ারম্যান দেবব্রত দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পটিয়া পৌর মেয়র মোঃ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।