সিলেটে বৈরী আবহাওয়ায়ও চলছে নির্বাচনী প্রচারণা

গত দুদিন থেকে সিলেটে চলছে বৈরী আবহাওয়া। গতকাল মঙ্গলবার বর্ষার মতো বৃষ্টি নামে পৌষে। শীতের তীব্রতাও বেড়েছে। বৃষ্টিতে পোস্টার ভিজে একাকার। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিলেট জেলার ৬ আসনের ৪০ প্রার্থী ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে গতকাল সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।

লুনার মনোনয়ন বাতিল হওয়ায় জাপার ইয়াহিয়া এখন ফুরফুরে মেজাজে। আসনটিতে এখন ৬ জন প্রার্থী। অন্যরা হলেন খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী, গণফোরামের মোকাব্বির খান, ইসলামী আন্দোলনের মো. আমির উদ্দিন, ন্যাশনাল পিপুলস পার্টির  মো. মনোয়ার হোসাইন, ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর মো. মোশাহিদ খান।

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমনের সমর্থনে বৈরী আবহাওয়ার মধ্যে গণসংযোগ করেছেন নগর যুবলীগের নেতৃবৃন্দ। গতকাল বেলা ১১টায় নগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি যুবলীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নগরীর বিভিন্ন মার্কেটে ভোট চান। একই সময়ে বন্দরবাজার করিম উল্লাহ মার্কেট সম্মুখে ড. এ কে আব্দুল মোমেনও গণসংযোগ করেন। এসময় দলটির নগর যুগ্ম সমপাদক ফয়জুল আনোয়ার, শ্রম সমপাদক জুবের খান প্রমুখ উপস্থিত ছিলেন।

‘আওয়ামী লীগ উন্নয়নের নামে ধোঁকা দিচ্ছে’

এদিকে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে জাতিকে ধোঁকা দিয়ে যাচ্ছে। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। গতকাল সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ পরবর্তী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।