সাত দিন ধরে পাম্প বিকল বন্দরে পানির জন্য হাহাকার

হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ

সংস্কারের ৪ মাসের মধ্যে আবারও বিকল হয়ে গেছে বন্দরের লক্ষ্মণখোলা পাম্প। এ কারণে গত এক সপ্তাহ ধরে পানি নেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের দাসেরগাঁও, চৌরাপাড়া ও লক্ষ্মণখোলা এলাকায়। পানির অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার কয়েক হাজার মানুষ। পানি সংগ্রহের জন্য এলাকাবাসীকে নানা জায়গায় দৌড়ঝাঁপ করতে হচ্ছে।

এলাকাবাসী আক্ষেপ করে বলেন, আন্দোলনের মুখে মাত্র ৪ মাস আগে পাম্পটি মেরামত করা হয়। গত মঙ্গলবার পাম্পটি আবারও বিকল হয়ে পড়ে। কিন্তু সংস্কার কিংবা নতুন পাম্প স্থাপনের কোনো উদ্যোগ নেই। এই কয়েক দিনে ওয়াসার কাউকে পাম্প হাউসে দেখেননি বলেও অভিযোগ করেন এলাকাবাসী। বিকল্প ব্যবস্থায়ও পানি সরবরাহ করা হচ্ছে না। ২৫নং ওয়ার্ড চৌরাপাড়া এলাকার বাসিন্দা শাহজালাল জানান, বিভিন্ন জায়গা থেকে বহু কষ্টে শুধু খাবার পানি সংগ্রহ করছি। জানি না আর কত দিন এই দুর্ভোগ পোহাতে হবে। এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের বন্দরের চৌরাপাড়া, লক্ষ্মণখোলা ও দাসেরগাঁও এলাকার জনসাধারণ দীর্ঘদিন যাবত্ টিউবওয়েলের মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় খাবার পানির চাহিদা পূরণ করে আসছিল। সম্প্রতি এই এলাকায় পানি সরবরাহের দায়িত্ব নেয় ঢাকা ওয়াসা। প্রায় ৫ বছর আগে দাসেরগাঁও এলাকায় স্থাপন করা হয় একটি পাম্প হাউস।

এ ব্যাপারে ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ মডস জোনের নির্বাহী প্রকৌশলী জানান, লক্ষ্মণখোলা পাম্প হাউসের পাম্প নষ্ট হয়ে গেছে। শিগগিরই তা মেরামত করা হবে।