সৌদি আরবে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসের শ্রম উইংয়ের উদ্যোগে দূতাবাসে সেবা গ্রহণ করতে আগত প্রায় তিনশত বাংলাদেশি শ্রমিকদের নিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ জেনে বুঝে ও প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে আসার জন্য প্রবাসীদের আহ্বান জানান।
তিনি বলেন, সরকার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নানারকম প্রশিক্ষণ প্রদান করছে । এ সকল প্রশিক্ষণ কেন্দ্র থেকে দক্ষতা অর্জন করে বিদেশে আসলে ভালো বেতন পাওয়ার সুযোগ রয়েছে। সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে বদ্ধপরিকর। এছাড়া সৌদি আরবে অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যেও কাজ করছে সরকার।
সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থান হওয়ায় সৌদি বাদশাহ ও যুবরাজকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, প্রবাসী কর্মীদের জীবন নিরাপদ ও ঝুকিমুক্তকরণের উদ্দেশ্যে সকল প্রবাসীকে বীমার আওতায় আনতে কাজ করছে সরকার।
দূতাবাসের মিশন উপ প্রধান ড. মোঃ নজরুল ইসলাম দালালের কাছে না যেয়ে জেনে বুঝে বিদেশে আসার পরামর্শ দেন। তিনি বলেন, সৌদি আরবে দক্ষতা অর্জন করে আসা উচিত তাহলে চাকুরির সুবিধা পাওয়া যাবে। আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের মিনিস্টার আনিসুল হক বলেন, রাষ্ট্রদূত সব সময় প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয় নিয়ে কাজ করেন।
শ্রম কাউন্সিলর মেহেদী হাসান দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের বিভিন্ন সেবার আধুনিকীকরণ সম্পর্কে বর্ণনা করে বলেন, সকল কর্মকর্তা ও স্টাফদের টেলিফোন সবসময় খোলা থাকে, যাতে প্রবাসীরা দিনে রাতে যে কোন সমস্যায় পরামর্শ গ্রহণ করতে পারে।
অনুষ্ঠানে দীর্ঘ ৪০ বছর ধরে সৌদি আরবে বসবাসরত নোয়াখালীর বেগমগঞ্জ প্রবাসী মো. সোলায়মানকে সম্মানসূচক সভাপতির আসন প্রদান করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সকল অভিবাসীদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ