প্রচণ্ড ঢেউ, নৌকার ইঞ্জিন বিকল, খাবার ও পানির সংকট—সব মিলিয়ে ভূমধ্যসাগরে আট দিনের বেশি সময় কাটাতে হয়েছে বাংলাদেশি অভিবাসী তুফায়েল আহমেদ ফাহিমকে। এ সময় চোখের সামনে সহযাত্রীদের হারিয়ে যেতে দেখেছেন তিনি। নৌকার চালকেরা দুই বাংলাদেশিকে সাগরে ফেলে দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন ফাহিম।
গ্রিসের একটি ক্যাম্প থেকে ইনফোমাইগ্রেন্টসকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী ফাহিম জানিয়েছেন, সেই সমুদ্রযাত্রার ভয়াবহ অভিজ্ঞতা এখনো তাকে তাড়া করে বেড়ায়। তার বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়।
ইউরোপে যাওয়ার আশায় ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়েন ফাহিম। এরপর কুয়েত, সৌদি আরব ও মিশর হয়ে পৌঁছান লিবিয়ায়। গত ৭ জুন লিবিয়ার তব্রুক উপকূল থেকে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা করে তাদের নৌকাটি। যাত্রার দুই দিনের মাথায় ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে আটকা পড়েন তারা। এভাবে আট দিনেরও বেশি সময় ভেসে থাকতে হয়।
ফাহিম জানান, নৌকায় খাবার ছিল মাত্র দুই দিনের। টানা পাঁচ থেকে ছয় দিন স্বাভাবিক পানি পান করার সুযোগ পাননি তিনি। তৃষ্ণা সামলাতে সঙ্গে থাকা তেঁতুল অল্প অল্প করে খেতেন। ক্ষুধার কষ্টে একটি খেজুরের বিচি সাত থেকে আট দিন মুখে রেখেছিলেন। মৃত্যুর আশঙ্কা থেকে শেষ খাবার হিসেবে পকেটে একটি কাঠবাদামও রেখেছিলেন। পরে মানসিকভাবে বিপর্যস্ত সহযাত্রী অভিকে সেটি দিয়ে দেন।
ফাহিমের অভিযোগ, নৌকার দুই সুদানি চালক তার এলাকার অভি ও বকুল রিসিকে সাগরে ফেলে দেন। প্রথমবার অভিকে পানিতে ফেলে দেওয়ার পর ফাহিম নিজেই তাকে উদ্ধার করে নৌকায় তুলেছিলেন। কিন্তু প্রায় এক ঘণ্টা পর আবারও তাকে সাগরে ফেলে দেওয়া হয়। উত্তাল সমুদ্রে এরপর অভি নিখোঁজ হন।
এর আগে জিয়া নামের আরেক বাংলাদেশি যাত্রী ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছিলেন। ফাহিমের দাবি, ওই সমুদ্রযাত্রায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
যাত্রাপথে মিশরীয় ও বাংলাদেশি যাত্রীদের মধ্যে বিরোধের কথাও জানান ফাহিম। তার অভিযোগ, খাবার নিয়ন্ত্রণ এবং নৌকার ওপরের অংশে অবস্থান নিয়ে বাংলাদেশিদের মারধর করা হতো। তাদের পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি।
১৫ জুন ভূমধ্যসাগরে ফরাসি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ তাদের উদ্ধার করে। পরদিন ১৬ জুন ৩৮ জনকে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বন্দরে নেওয়া হয়। ফাহিমের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন বাংলাদেশি, চারজন সুদানি ও নয়জন মিশরীয় ছিলেন।
গ্রিসের হেলেনিক কোস্ট গার্ডের ১৭ জুনের বিজ্ঞপ্তিতেও ৩৮ জন পুরুষ অভিবাসীকে উদ্ধারের তথ্য জানানো হয়। তাদের মধ্যে অসুস্থ একজনকে চানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।
ফাহিম জানান, হাসপাতালে নেওয়া ওই বাংলাদেশির নাম জাহাঙ্গির। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা। উদ্ধারের পর সাত থেকে ১০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
উদ্ধারের পর ফাহিম ও অন্যদের প্রায় ১৫ দিন ক্রিটে রাখা হয়েছিল। এরপর তাদের কোস দ্বীপে স্থানান্তর করা হয়। সেখানে আশ্রয়ের আবেদন দুইবার প্রত্যাখ্যাত হওয়ার পর ফাহিমকে একটি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।
ফাহিমের অভিযোগ, ওই কেন্দ্রে খাবারের মান ও চিকিৎসাসেবা নিয়ে সমস্যা রয়েছে। ব্যক্তিগত আইনজীবী নিয়োগের চেষ্টা করেও সফল হননি তিনি। একই নৌকায় থাকা আরও ১২ থেকে ১৩ জন বাংলাদেশি এখনো ওই ক্যাম্পে রয়েছেন বলে জানান তিনি।
ইউরোপে পৌঁছাতে ফাহিমের মোট ৩০ লাখ টাকা খরচ হয়েছে। আত্মীয়স্বজনের কাছ থেকে ধার, স্থানীয়ভাবে সুদে টাকা সংগ্রহ এবং বাবার রেখে যাওয়া জমি বিক্রি করে এই অর্থ জোগাড় করেছিলেন তিনি।
ফাহিমের ভাষ্য, লিবিয়ায় মানবপাচারকারীদের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের হাতেও পড়েছিলেন তিনি। সেখান থেকে মুক্তি পেতে তাকে বড় অঙ্কের অর্থ দিতে হয়েছিল।
এত কিছুর পরও সমুদ্রযাত্রার স্মৃতি ভুলতে পারছেন না ফাহিম। তার কথায়, চোখ বন্ধ করলেই এখনো সমুদ্রের পানি দেখতে পান। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে পড়লে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
