লৌহজংয়ে প্রকাশ্যে চাপাতি দিয়ে যুবককে কুপিয়ে জখম

নেপথ্যে মাদক সেবনে বাধা

 মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক সেবনে বাধা দেওয়ার জের ধরে এক যুবককে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। গতকাল মঙ্গলবার লৌহজং থানার পাশে প্রধান সড়কে প্রকাশ্যে মো. সেন্টু (৩৭) নামক ঐ যুবককে চাপাতি দিয়ে কুপিয়েছে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের একটি দল। সেন্টুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। 

সেন্টু অভিযোগ করেন, উপজেলার মশদগাঁও গ্রামের বাদল খানের ছেলে ইথেন খানকে মাদক বিক্রিতে তিনি গত বছর বাধা দিয়েছিলেন। এরই জের ধরে এ হামলা হয়েছে। সেন্টুর কাছ থেকে মোবাইল ফোন, নগদ ১৯,৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে লৌহজং থানায় একটি মামলা দায়ের করেছে সেন্টু।