কুয়াশাচ্ছন্ন সড়কে ট্রাক চাপায় ৩ অটোরিকশা যাত্রী নিহত

ময়মনসিংহের তারাকান্দায় কুয়াশাচ্ছন্ন ময়মনসিংহ-ফুলপুর সড়কে ট্রাক চাপায় এক সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার শশার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

 

মিজানুর রহমান বলেন, ময়মনসিংহগামী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা আশপাশের এলাকার বাসিন্দা বলে অনুমান ওসি মিজানুর রহমানের। সেই সাথে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি। এ বিষয়ে মিজানুর রহমান বলেন, তদন্তের আগে নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ বলা যাচ্ছে না। তবে ধারণা করছি কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে পারে।

 

ইত্তেফাক/এএম