প্রচারণায় হামলা পূর্ব পরিকল্পিত

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেছেন, বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসীদের হামলা পূর্ব পরিকল্পিত। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, হামলা করে নির্বাচন থেকে সিপিবির প্রার্থীদের পিছু হটানো যাবে না।

সিপিবি নেতারা অভিযোগ করেন, কুমিল্লা-৫ আসনের প্রার্থী সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল ক্বাফীর (রতন) ওপর হামলা হয়েছে। সোমবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রচার কাজ চালানোর সময় আক্রমণের শিকার হন তিনি। অপরদিকে গতকাল বিকালে ব্রাহ্মণপাড়া বাস-টেম্পো স্ট্যান্ড এলাকায় যুবলীগ নামধারী সন্ত্রাসীরা তাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করে ও হামলা করে। হামলায় বেশ কয়েকজন আহত হন। তিনি হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে ক্বাফীর (রতন) নিরাপত্তা প্রদানে প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি তারা আহ্বান জানান।