গাইবান্ধায় মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ আহত

গাইবান্ধা সদর উপজেলার বানিয়ারজান এলাকায় রবিবার রাতে মাদক উদ্ধার অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি করলে শহীদুল ইসলাম শহীদ নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। আটক গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী শহীদুল ইসলাম শহীদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পাড়দিয়ারা চর এলাকার মৃত আকবর আলীর ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন- ডিবি পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মহিরউদ্দিন ও কনস্টেবল মঞ্জুরুল হোসেন।

গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মজিবুর রহমান জানান, রবিবার বিকেলে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পাড়দিয়ারা চর এলাকা থেকে ১২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহীদকে আটক করে ডিবি পুলিশের একটি দল। পরে আটক শহীদের দেয়া তথ্য অনুযায়ী সন্ধ্যায় বানিয়ারজান এলাকায় মাদক উদ্ধার করতে যায় পুলিশ। এসময় শহীদকে ছিনিয়ে নিতে লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় তার সহযোগীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুঁড়লে তার সহযোগীরা পালিয়ে যায় এবং শহীদ গুলিবিদ্ধ হয়। তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত মাদক ব্যবসায়ীদের (শহীদের সহযোগী) গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এছাড়া এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।