আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামকে উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে একাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ভিডিও কনফারেন্সে অপর প্রান্তে বান্দরবানে নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈ সিংসহ স্থানীয় আওয়ামী লীগ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামকে একটা উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাই।’ তিনি বলেন, ‘নৌকায় ভোট দিয়ে জনগণ স্বাধীনতা পেয়েছে, বাংলায় কথা বলার অধিকার পেয়েছে। নৌকায় ভোট দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, দেশের উন্নয়ন হয়।’
‘সৈয়দ আশরাফের হয়ে আপনারা
সবাই কাজ করবেন’
কিশোরগঞ্জ জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের হয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সৈয়দ আশরাফ যেহেতু নির্বাচনের মাঠে উপস্থিত নেই। তাই সৈয়দ আশরাফের হয়ে আপনারা সবাই কাজ করবেন।’