রাজধানীর ভাটারা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম বোরহান উদ্দিন। গত সোমবার র্যাব-৩ এর একটি দল তাকে আটক করে। গতকাল মঙ্গলবার র্যাব সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। র্যাবের দাবি, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল গ্রেফতার হওয়া বোরহান। এজন্য সে একাধিকবার রাজধানীর জুরাইন এলাকায় তাদের সংগঠনের গোপন বৈঠকে মিলিত হয়েছিল।
র্যাব-৩ এর অপারেশন অফিসার বীণা রানী দাস জানান, তারা জানতে পারেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আনসার আল ইসলামের একটি অপারেশনাল সেল গোপনে সংগঠিত হচ্ছে। এরপরই গত ২৬ নভেম্বর কদমতলী এলাকা থেকে সংগঠনটির প্রশিক্ষক ইউনুছ ওরফে আসাদল্লাহকে এবং গত ১২ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে সক্রিয় সদস্য আব্দুল ওহাব ওরফে মোস্তাফিজ ওরফে হাদীদকে গ্রেফতার করা হয়। ওই দুইজনের দেওয়া তথ্যানুযায়ী ভাটারা থানাধীন সাইদনগর এলাকা থেকে গত সোমবার রাতে বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়।
বোরহান উদ্দিন র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ২০১০ সাল থেকে সে জসীমুদ্দীন রাহ্মানির অনুসারী হিসেবে আনসারুল্লাহ বাংলা টিমে (এবিটি) যোগ দেয়। ২০১৩ সালে রাহ্মানি গ্রেফতার হওয়ার পর সে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করে। এবিটির কার্যক্রম বন্ধ হলে তারা আনসার আল ইসলাম নামে নতুন সংগঠনে সক্রিয় হয়।