সুনামগঞ্জে বিএনপির শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ

সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি থেকে শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারের হলরুমে সংবাদ সম্মেলন করে তারা এই পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ আনা হয়। পদত্যাগকারীরা জানান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের এর হাতে সকালেই পদত্যাগ পত্র তুলে দিয়েছেন তারা।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট আমিরুল হক।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৫ অক্টোবর সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটিতে আকবর আলী সভাপতি ও সেলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। তারা দুজন দীর্ঘ ২৫ বছর ধরে দুটি পদে বহাল রয়েছেন। এতো দীর্ঘ সময় নেতৃত্বে থাকার পরও সাবেক হুইপ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার অত্যন্ত ঘনিষ্ট ও আস্থাভাজন হওয়ায় আবারো পদে বহাল থাকেন তারা। তৃণমূলের গ্রহণযোগ্যতা না পাওয়ায় ১০ দিনের ব্যবধানে গত ৫ নভেম্বর তাদের স্বপদে বহাল রেখে আবারও কমিটি ঘোষণা করা হয়।  কমিটি গঠনের ক্ষেত্রে দলীয় গঠনতন্ত্র ও গণতন্ত্র কোন কিছুই অনুসরণ করা হয়নি বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই, সহ-সভাপতি গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফুল মিয়া, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল হাই দাবি করেছেন, সদর ও পৌর কমিটির একশ’র বেশি নেতাকর্মী পদত্যাগ করেছেন। অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া এ প্রসঙ্গে বলেন, ‘১০ দিনের ব্যবধানে দুটি কমিটি গঠনের ক্ষেত্রে আমি কোন প্রভাব বিস্তার করিনি। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি ঘোষণা করেছেন এই বিষয়ে আমার কিছুই জানা নেই। যারা পদত্যাগ করেছেন তারাও ত্যাগি। কমিটির সকলেই ত্যাগি এজন্যই তারা কমিটিতে আছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের পদত্যাগের বিষয়টি শুনেছি। এখনো পদত্যাগপত্র হাতে পাইনি। পদত্যাগ পত্র হাতে পাওয়ার পর বিষয়টি হাই কমান্ডকে জানানো হবে।