নিখোঁজের ৪ দিন পর ঘরের মাটির নিচে মিললো ৩য় শ্রেণির ছাত্রীর লাশ

নিখোঁজের ৪ দিন পর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী সুমনার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকায় ইয়াসিন আলীর বাসার ঘরের মেঝে খুড়ে তার মৃতদেহ পাওয়া যায়। বৃহস্পতিবার রাত দশটায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র রিয়াজ আহমেদ কাননকে আটক করা হয়েছে বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানিয়েছেন। আটক আহমেদ কানন ওই বাসার মালিক ইয়াসিন আলীর ছেলে।

এর আগে গত ১৫ ডিসেম্বর খেলতে গিয়ে নিখোঁজ হয় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী সুমনা। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে  গত ১৬ ডিসেম্বর সুমনার বাবা জুয়েল বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরি করার পর সদর থানা পুলিশ  বৃহস্পতিবার রাতে আহমেদ কাননকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন সে স্কুলছাত্রীকে হত্যার কথা স্বীকার করে।

স্কুলছাত্রী সুমনার বাবা জুয়েল বলেন, 'আমার মেয়ে একজন মেধাবী ছাত্রী ছিল। বার্ষিক পরীক্ষাও দিয়েছে। এবার চতুর্থ শ্রেণিতে উঠবে। আমি আমার মেয়ের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'

আরও পড়ুন: কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ একদিনে তিন অপরাধীর মৃত্যু

ঠাকুরগাঁও সদর থানার ওসি জানান, স্কুলছাত্রীর হত্যাকাণ্ডের কারণ এখনই বলা যাচ্ছে না। মরদেহটির ময়না তদন্ত করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু