বিড়ির আগুনে দাউ দাউ করে পুড়লো তুলা ভর্তি ট্রাক

যশোরের চৌগাছায় শ্রমিকের বিড়ির আগুনে ট্রাক ভর্তি তুলা পুড়ে গেছে। এতে দগ্ধ হয়েছেন ট্রাক চালক বকুল হোসেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকসহ একশ বেল তুলা। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। শুক্রবার দুপুরে শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি তুলার গোডাউনে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ট্রাক চালক বকুলের বুদ্ধিমত্তায় ও স্থানীয়দের সহায়তায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। 

চালক বকুল হোসেন জানান, ভাড়ায় চালিত ট্রাকটি (যশোর-ট-১১-৫২৩৯) তুলা নিয়ে ঢাকার হোতাপাড়া থেকে চৌগাছায় পৌঁছে। তুলার মালিক আলমের ভাড়া নেওয়া গুদামঘরে শ্রমিকরা তুলা নামাচ্ছিল। এসময় শ্রমিকরা ধূমপান করছিল। হঠাৎ করে ট্রাকের ওপরে আগুন জ্বলে উঠতে দেখে গাড়ি চালু করে রাস্তার অপর পাশে নিয়ে ট্রাক থেকে লাফিয়ে পড়ি। এসময় ট্রাকের ইঞ্জিন কভারেও আগুন লাগে। পুড়ে যায় বকুলের শরীরে কিছু অংশ। 

আরও পড়ুন: আনন্দোৎসবে পালিত হচ্ছে রাজশাহী গভ. ল্যাবরেটরি হাইস্কুলের সুবর্ণজয়ন্তী

পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান ও আব্দুর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পাশের কোটচাঁদপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। 

ইত্তেফাক/এসি